মৃত সিভিক ভলান্টিয়ার কমল সিংয়ের পরিবারের পাশে বেলিয়াবেড়া থানা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জানুয়ারি: কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলান্টিয়ার কমল সিংয়ের পরিবারের পাশে এসে দাঁড়াল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ। রবিবার মৃত সিভিক পুলিশ কর্মীর বাড়ি গোপীবল্লভপুর-২নম্বর ব্লকের চিংড়া গ্রামে যান বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালুদি ও অন্যান্য পুলিশ কর্মীরা। কমল সিংয়ের পরিবারের সঙ্গে তাঁরা দেখা করেন এবং পরিবারের সদস্যদের হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন। সঙ্গে কমল সিংয়ের কন্যা স্নেহার নামে করা ৩০ হাজার টাকার কিষান বিকাশ পত্র তুলে দেন।

এদিন ওসি সুদীপ পালোধি মৃত সিভিক পুলিশ কর্মীর পরিবারের সদস্যদের জানান, তিনি বেলিয়াবেড়া থানায় যতদিন থাকবেন স্নেহার পড়াশোনার দায়িত্ব তাঁর। কোনো রকম অসুবিধা হলে যেন তাঁকে জানানো হয়। বেলিয়াবেড়া থানার পুলিশ কর্মীরা তাঁদের পাশে আছে।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি বেলিয়াবেড়া থানায় কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ার কমল সিং মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আচমকা এই ঘটনায় কমল সিং’য়ের পরিবার অথৈ জলে পড়ে। কমলের বাচ্চা মেয়ে স্নেহার ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়ে তার পরিবার। বেলিয়াবেড়া থানার পুলিশ ও সহকর্মীরা এগিয়ে আসায় খুশি কমলের পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *