অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ নভেম্বর: আসন্ন ২০২৩- এর পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সোমবার থেকে রাজ্য পুলিশের রুটমার্চ শুরু হল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার আঁধারিয়া, গড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায়। এদিন বেলিয়াবেড়া থানার আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকায় কোনও ধরনের সমস্যা থাকলে পুলিশ আধিকারিকরা এলাকার বাসিন্দাদের তা থানায় জানানোর পরামর্শ দেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিটি নির্বাচনের আগে বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রতিবারই গোপীবল্লভপুর নয়াগ্রাম ও বেলিয়াবেড়া থানা এলাকায় শাসক ও বিরোধী দলগুলির মধ্যে ছোটখাটো রাজনৈতিক সংঘর্ষের ঘটনা লেগেই থাকে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।


