প্রতীতি ঘোষ, ব্যারাকপুর,৩০ এপ্রিল:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির দেহ রাস্তার পাশের আবাসনের গেটের ভেতর রেখে দেওয়াকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়াল এলাকায়। বেলঘরিয়া ফিডার রোড এলাকার ঘটনা। মৃত ব্যক্তির বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
জানাগেছে, দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত ওই রোগীকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাস্পাতালে ভর্তি করতে নিয়ে যাচ্ছিলেন তাঁর ভাই। নিয়ে যাওয়ার সময় মাঝপথেই মৃত্যু হয়। সেই রোগীর মৃতদেহ তারই এক আত্মীয়ের বহুতল আবাসনের গেটের ভিতরে এম্বুলেন্স থেকে নামিয়ে রেখে দেওয়া হয়। এতে আতঙ্ক ছড়ায় বেলঘড়িয়া ফিডার রোড অঞ্চলে।
রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পৌরসভার নিয়োজিত কর্তব্যরত মহিলারা বিষয়টি লক্ষ্য করেন এবং তারাই খবর দেন বেলঘড়িয়া থানায়। বেলঘড়িয়া থানার পুলিশ এসে মৃতের পরিজনদের সাথে কথা বলেন। কিন্তু প্রথমে তারা স্বীকার করতে চাননি যে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। পরে তারা স্বীকার করেন। এরপর পুলিস পৌরসভার সাথে যোগাযোগ করে এই বিষয়টি জানায়।
এই খবর পেয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেই জায়গাতে মানুষের ভিড় জমে যায়। স্থানীয় মানুষের অভিযোগ একটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে এইভাবে খোলা অবস্থায় রেখে দেওয়া অন্যায়। শিক্ষিত সমাজে এই ধরনের ঘটনা নজিরবিহীন। এর মধ্যে দিয়ে আরো মানুষ আক্রান্ত হতে পারে। শেষ পর্যন্ত পুলিশ ও পৌরসভা যৌথভাবে গভীর রাতে মৃতদেহটি পড়ানোর ব্যবস্থা করে।

