পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া এবং সেই সঙ্গে দলীয় ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচক ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের বাঁশিচক এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনকে জানিয়েছে তৃণমূলের নেতারা বলে দাবি তাদের। তবে উত্তপ্ত ভোট রাজনীতির মাঝে তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে ফেলা এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনায় রীতিমতো রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে তুতরাঙ্গা অঞ্চলের বাঁশিচক এলাকায়।

তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে মদ খেয়ে উৎশৃঙ্খল ভাবে তৃণমূলের দলীয় পতাকা পোড়ানো এবং ফ্লেক্স ছিঁড়ে ফেলছে বিজেপি কর্মী সমর্থকরা। যদিও ওই এলাকার বিজেপির বুথ সভাপতির পালটা দাবি, বিজেপি কর্মী সমর্থকরা এই ধরনের নোংরা রাজনীতি করে না। আমার বাড়ির সামনে একাধিক দলের দলীয় পতাকা রয়েছে। আমরা ওই ধরনের কাজ করলে এই পাতাকাগুলো থাকল কি করে?

