Beldanga, High Court, বেলডাঙা কান্ড! আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, মানুষের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে মামলা হাইকোর্টে

আমাদের ভারত, ১৯ জানুয়ারি: বেলডাঙ্গার সাম্প্রতিক ঘটনার কারণে আবারো উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি মিলেছে। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় মামলাগুলি গ্রহণের জন্য। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা।

সূত্রের খবর, আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেলডাঙার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট গুরুতর। স্থানীয় প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা।

এর আগেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই নথি তুলে ধরেই বেলডাঙার ক্ষেত্রেও একই নির্দেশ জারি করার আবেদন জানানো হয়েছে।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের বক্তব্য শুনে জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরো জানায়, দ্রুত শুনানি প্রয়োজন। এই যুক্তিতেই আগামীকাল মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।

বেলডাঙার ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ। বিরোধীদের অভিযোগ, ঘটনার পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশের তৎপরতা বাড়লেও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে গেছে। সেই প্রেক্ষাপটে হাইকোর্টের হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন আইনজীবী মহলের একাংশ।

আগামীকালের শুনানিতে আদালত রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় আরো কড়া পদক্ষেপের নির্দেশ আসে কিনা তাও নজরে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *