বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত! প্রতিবাদে রাস্তা অবরোধ আমতার কলসডিহি গ্রামের বাসিন্দাদের

আমাদের ভারত, হাওড়া, ২৫ অক্টোবর: বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত, এই অভিযোগে সোমবার সকালে জয়পুর- বাগনান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি গ্রামের বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক এই বিক্ষোভ চলার পর জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর রাস্তা অবরোধ মুক্ত হয়।

করোনা সংক্রমণ রোধে রাজ্যের বিভিন্ন জায়গায় মেগা ভ্যাকসিন কর্মসূচি চলছে। বিভিন্ন শিবিরে একাধিক মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যদিও এর মাঝে ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল কলসডিহি গ্রামে। এই গ্রামের বেশকিছু গ্রামবাসীর অভিযোগ, বিধানসভা নির্বাচনে তারা বিরোধী দলকে সমর্থন করায় তারা ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অভিযোগ, এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে পথ অবরোধ করতে হয়েছে।

যদিও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা মেটে ভ্যাকসিন দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, যখন যেরকম ভ্যাকসিন আসছে সেইরকম সকলকে দেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে কোনও রাজনৈতিক রঙ দেখা হচ্ছে না। তিনি বলেন, সকলেই ভ্যাকসিন পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *