আশিস মণ্ডল, রামপুরহাট, ২০ অক্টোবর: অপরাধ করার আগেই পুলিশের জালে চার অপরাধী। মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক শিউলি রায় তাদের চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে চার দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল নলহাটি থানার জগধারীর কাছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান এবং চারটি কার্তুজ। ধৃতরা হল সানারুল শেখ, বিশাল হক, জামরুল শেখ ওরফে ফারুক ও সেলিম শেখ ওরফে বচ্চন। সানারুল ও সেলিম তারাপীঠ থানার খামেড্ডা ও রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। জামারুল মাড়গ্রাম থানার গুনপাড়ার বাসিন্দা। বিশালের বাড়ি মুর্শিদাবাদ জেলার পারুলিয়া গ্রামে। ধৃতদের বয়স ১৯-২০ বছরের মধ্যে।

সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা জানান, ধৃত চারজনকেই এদিন অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক শিউলি রায়ের আদালতে তোলা হয়েছিল। নলহাটি থানার আবেদনের ভিত্তিতে তাদের চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ২৪ অক্টোবর পুনরায় তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

