আমাদের ভারত, হুগলি, ১১ সেপ্টেম্বর: ‘সবুজ সাথী’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পান্ডুয়ায় বিজেপির একটি সভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেলের সাপ্লায়ার পবন অরোরা। কে তিনি? বিজেপি নেতার দাবি, পবন অরোরা হলেন মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরার বাবা। তাঁরা সকলে রাজ্যকে লুটেপুটে খাচ্ছে।
সামনেই বিজেপির নবান্ন অভিযান। তার আগে রাজ্য সরকারের প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন নন্দীগ্রামের বিধায়ক। এদিন ওই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও হাজির ছিলেন, সাংসদ লকেট চ্যাটার্জি, বিধায়ক বিমান ঘোষ, বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার সহ একাধিক নেতা কর্মীরা।
এদিন ওই সভায় রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রুজিরা এবং মেনকা ওই অ্যাকাউন্টটা বন্ধ করে দেন। পরের দিন ব্যাঙ্ককে মেনকা গম্ভীরের নামে অ্যাকাউন্ট খোলে এবং পরের দিন টাকাটা তোলে। ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ঠিক লোকসভা ভোটের আগে থাইল্যান্ড থেকে আটটা ব্যাগ ভর্তি সোনা নিয়ে আসছিল। কলকাতা বিমানবন্দরে কাস্টমসের লোক, সিআইএসএফ একটা ব্যাগ ধরে ফেলে। সেই সময়ে জ্ঞানবন্ত সিং, বিধাননগরের তৎকালীন কমিশনার, নিজের বিশাল পুলিশ বাহিনী নিয়ে আটটা সোনার ব্যাগ শান্তিনিকেতনে পৌঁছে দেয়। বর্ধমান, বাঁকড়াতে যত বালিঘাট রয়েছে, সব পবন অরোরার নামে লিজ রয়েছে। কেন্দ্রীয় সরকারের এসসি, এসটি উন্নয়নের টাকায় সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়। সাইকেলের সাপ্লায়ার অঙ্কুশ অরোরার বাবা পবন অরোরা এবং স্ত্রী হল মেনকা গম্ভীর। এরা পশ্চিমবঙ্গকে লুটেপুটে খাচ্ছে।

