আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী তখনও জেলায়। তারমধ্যে ফের জেলায় পা রাখে গোরু পাচার মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই তাঁর দলের একাধিক নেতাকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই বার্তা নিয়েই বোলপুর থেকে হেলিকপ্টারে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সোমবার জেলায় পা দিয়ে, বৃহস্পতিবার দুপুরে জেলা ছাড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই দুপুরে সিবিআই বোলপুরে তাদে অস্থায়ী ক্যাম্প ‘রতনকুঠি’তে ডেকে পাঠায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্টবৃত্তে থাকা একের পর এক তৃণমূল নেতা ও অনুব্রতর আর্থিক লেনদেনের মাধ্যম হওয়া নানাজনকে। একদিন আগেই নাম না করে গোরু পাচারের টাকা খেয়ে জেলে থাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যতদিন না জেল থেকে বেরচ্ছে ততদিন বীরভূমে দলের সংগঠন দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই বলে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর নানা মন্তব্যে স্পষ্ট হয়েছে অনুব্রত কান্ডে দল কতটা বিব্রত।
বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে অস্থায়ী ক্যাম্প অফিসে এদিন দুপুর থেকে অনুব্রত মণ্ডলের পরিচালক বিজয় রজক, ছায়াসঙ্গী প্রাথমিক শিক্ষক অর্ক দত্ত, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন, বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শুভঙ্কর ঘোষ ওরফে ভজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন গোরু পাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে পরেই ঘনিষ্ঠ এই কাউন্সিলের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা৷ এমনকি, তাকে বোলপুরের অস্থায়ী ক্যাম্প অফিস সহ কলকাতার নিজাম প্যালেসেও ডেকে জেরা করা হয়েছিল। একই ভাবে প্রাথমিক শিক্ষক অনুব্রত ঘনিষ্ঠ অর্ক দত্তকেও একাধিকবার জেরা করেছেন তদন্তকারী অফিসারেরা৷
এছাড়া, ব্যাঙ্ক কর্মীদেরও নতুন করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিন। যাদের এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের প্রত্যেককেই আগে একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছিল। তবে সমবায় ব্যাঙ্কে তিনশোরও বেশি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, তার মাধ্যমে কালো টাকা সাদা করার ‘খেলা’ ধরা পড়ার পর এদিনই প্রথম কাউকে জেরা করার পর্ব শুরু হয়েছে। এই আকাউন্টগুলির মাধ্যমে সরকারি ধান বিক্রির টাকার লেনদেন হয়েছে সিবিআই আগেই খোলসা করেছে। তাতে উঠে এসেছে সেই চালকলের যোগসূত্রই।
পরিকল্পনা করেই কি অ্যাকাউন্টগুলি খুলে তার মাধ্যমে গোরু পাচারের কালো টাকাকে চালকলের পথ ধরেই সাদা করেছেন অনুব্রত মণ্ডল? সেই লেনদেনের কাহিনী সম্বন্ধ্যে কতটা জানেন তারা তা বের করতেই এদিনের জিজ্ঞাসাবাদ বলেই জানা গেছে সিবিআই সূত্রে।

