সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ফেব্রুয়ারি: নির্বাচনের দিন ঘোষণার আগেই দেওয়াল লিখনে শাসক ও বিরোধী দল প্রতিযোগিতায় মেতে উঠেছে। এসআইআর আবহে এবারের নির্বাচন বিগত বছরগুলির তুলনায় অনেকটা কঠিন হবে বলে মনে করছে জেলার রাজনৈতিক দলগুলি। এই আবহে প্রচারে সব দলের কর্মীরা যে সিরিয়াস তা দেওয়াল লিখনের বহর দেখেই টের পাওয়া যাচ্ছে। মিছিল ও সভামঞ্চ থেকে একে অপরকে নিশানা করে অনেক দিন আগে থেকেই বাকযুদ্ধ চলছে শাসক ও বিরোধী দলের মধ্যে। সেই সঙ্গে সমানতালে চলছিল দেওয়াল দখলের লড়াই। একটা দেওয়ালও অন্যকে ছাড়তে রাজি নয় রাজনৈতিক দলগুলি। দেওয়াল দখলের লড়াইও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবার শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ।
শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপি পরস্পরের দিকে অভিযোগের আঙ্গুল তুলে দেওয়াল লিখন করে চলেছে। বিভিন্ন বিষয় নিয়ে ছড়ায় ও ব্যঙ্গচিত্রে দেওয়ালের পর দেওয়াল ভরিয়ে দিচ্ছে শাসক ও বিরোধী দল। দেওয়াল দখলের লড়াই নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে পড়ছে বাঁকুড়া। জেলার অধিকাংশ বিধানসভা কেন্দ্র আগে বামেদের দখলে ছিল। তাদের সরিয়ে তৃণমূল জয়ী হয়েছিল। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জেলার আটটি কেন্দ্রে জয়ী হয় বিজেপি। আসন্ন নির্বাচনে বিজেপি গতবারে জয়ী বিধানসভা কেন্দ্রগুলি তাদের দখলে ধরে রাখতে চায়, আর তৃণমূল ফিরে পেতে চায় হারানো কেন্দ্রগুলি। এই যুদ্ধং দেহি মনোভাব দেওয়ালগুলিতে ফুটে উঠছে।

বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্র একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। গত ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় কেন্দ্রটি দখল করে তৃণমূল। কিন্তু গত ২০২১ নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূলকে সরিয়ে তা দখল করে বিজেপি। জেলার অধিকাংশ কেন্দ্রে একই ছবি। স্বাভাবিকভাবেই কেন্দ্রগুলি ফের নিজেদের দখলে আনতে যেমনগ মরিয়া রাজ্যের শাসক দল, তেমনই বিরোধী বিজেপির কাছে কেন্দ্রগুলি ধরে রাখাও অন্যতম বড় চ্যলেঞ্জ। এই প্রেস্টিজ ফাইট বহু আগেই শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও প্রতি আক্রমণ তো চলছিলই এবার শুরু হলো দেওয়াল দখলের লড়াই। প্রচারের কোনও ক্ষেত্রেই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দুই দলের তরফেই প্রার্থীর নাম ছাড়াই শুরু হয়েছে দেওয়াল লিখন। এই দেওয়াল লিখনগুলি আকর্ষণীয় করে তোলার লড়াইও চলছে জোর কদমে।
শাসক দল ছড়ার আকারে বিভিন্ন উন্নয়নের বার্তা যখন তুলে ধরছেন, তখন বিরোধীরা দুর্নীতির ছড়ায় দেওয়াল ভরিয়ে দিচ্ছে। রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে ব্যঙ্গ চিত্রে দেওয়াল লিখছে পদ্ম শিবির। বিজেপির দেওয়াল লিখনে স্থান পাচ্ছে সরকার বদলের পর কোন কোন কাজকে আগ্রাধিকার দেওয়া হবে তার ফিরিস্তি। দেওয়াল লিখনে শাসক দল ও বিরোধী দলের এই প্রতিযোগিতা উপভোগ করছেন জেলার সাধারণ মানুষ।

