কালীপুজোর আগে রায়গঞ্জের কাঞ্চনপল্লি, সুভাষগঞ্জ, পালপাড়া এলাকায় প্লাস্টিকের জবা ফুলের মালা তৈরীর ব্যস্ততা তুঙ্গে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ অক্টোবর: কালীপুজোর আগে রায়গঞ্জের কাঞ্চনপল্লি, সুভাষগঞ্জ, পালপাড়া এলাকায় প্লাস্টিকের জবাফুলের মালা তৈরীর ব্যস্ততা তুঙ্গে। কালীপুজোয় প্রাকৃতিক জবাফুলের পাশাপাশি প্ল্যাস্টিকের মালার চাহিদা বেশ ভালোই থাকে। কাপড়, সুতো ও প্ল্যাস্টিক দিয়ে তৈরি সুদৃশ্য লাল জবার মালা তৈরীতে এখন চরম ব্যাস্ত মালাকার শিল্পীরা। বাড়ির মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও পরিবারের অন্য সদস্যরাও এইকাজে সাহায্য করে। আর সবমিলিয়ে কালীপুজোর আগে চরম ব্যস্ততা মালাকার শিল্পীদের ঘরে ঘরে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বংশ পরম্পরায় রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ, কাঞ্চনপল্লি, পালপাড়া এলাকায় বেশ কিছু পরিবার এই মালা তৈরীর কাজে যুক্ত। মূলত কাপড়, কাগজ, প্লাস্টিক ও সুতো দিয়ে তৈরি করা হয় এই মালা। অন্যান্য পুজোয় প্লাস্টিকের মালার চাহিদা থাকলেও কালীপুজোর সময় এই মালার চাহিদা বাড়ে। একডজন মালা বিক্রি করে আয় হয় যৎসামান্য। তা দিয়ে সংসার চালানো দূরূহ।

মালাকার শিল্পীরা জানিয়েছেন, কালীপুজোর সময়
প্লাস্টিকের মালা বিক্রি করে তেমন আয় হয় না। হাত খরচের পয়সা উঠে আসে। সরকারি সাহায্য পেলে কিছুটা সুবিধা হয়।” তবে এসব ভুলে আপাতত মালা তৈরীতে বেজায় ব্যস্ত মালাকার শিল্পীরা। জেলা ও জেলার বাইরের পুজোগুলিতে দেবীপ্রতিমার গলায় ঝুলবে তাদেরই তৈরী সুদৃশ্য এই মালা। এই পরম প্রাপ্তিটুকুকে সঙ্গী করেই তুমুল ব্যস্ততা শিল্পীদের ঘরে ঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *