বিশ্বকর্মা পুজোর আগে জোড়া নিম্নচাপের জেরে বৃষ্টি, চিন্তায় ফেলেছে ঘাটালের মৃৎ শিল্পীদের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: শুক্রবার বিশ্বকর্মা পুজো। পুজোর আগে জোড়া নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, চিন্তায় ফেলেছে মৃৎ শিল্পীদের।

একেই দেড় বছর ধরে চলা করোনা পরিস্থিতিতে বাজার মন্দা। পুজোর বাজেট কাটছাঁট করছেন উদ্যোক্তারা। ঘাটালের সাম্প্রতিক বন্যাতে মহকুমার আর্থিক পরিস্থিতির গ্রাফ অনেকটাই নিম্নমুখী। মৃৎশিল্পীরা জানিয়েছেন বাজার আগের মত নেই। বিশ্বকর্মা ঠাকুরের যতটুকু বায়না প্রতিমা শিল্পীরা পেয়েছেন, নিম্নচাপের ফলে বৃষ্টির জেরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। বাধাবিঘ্নের মধ্যেই তাঁরা চেষ্টা করছেন পরিস্থিতি সামলানোর জন্য।

এই বিষয়ে মৃৎশিল্পী ভানুলাল দোলুই এবং রামপদ পাখিরা বলেন, প্রায় দু’বছর ধরে করোনা পরিস্থিতির জন্য বাজার এমনিতেই মন্দা, গত মাসে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে ঘাটালের যে ভয়াবহ বন্যা হয়েছিল তাতে বন্যার জল ঢুকে যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে। তার ওপর বিশ্বকর্মা পূজার আগে আবার নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে কিভাবে ঠাকুরের বাকি কাজ শেষ করে ডেলিভারি দেবেন সেই নিয়ে এই মুহূর্তে চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *