স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ মার্চ:
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, এখন সময় প্রার্থী তালিকা ঘোষণার। এই সময়ই কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতির নামে ব্যানার সামনে এল।
ব্যানারে লেখা আমরা যুব সমাজের নয়নমণি জয়ন্ত সাহাকে প্রার্থী চাই। সেইসাথে লেখা উনি দলের থেকে নিজের, বৌয়ের আর ভাইয়ের চাকরি নিয়েছেন, করেছেন বিএড কলেজও। এখন টিকিট পেলে ষোলোকলা পূর্ণ হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে নদিয়া তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এই জয়ন্ত সাহার নামে পোষ্টার পড়েছিল। সেখানেও এইরকম অভিযোগ আনা হয়েছিল। এখন ভোটের আগে আবার অভিযোগ তার বিরুদ্ধে। শহরে চর্চিত যে একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় ঘনিষ্ঠ জয়ন্ত সাহা, মুকুলবাবু তাকে আর পরিবারের সদস্যদের চাকরি কলেজের অনুমোদন পাইয়ে দেন।
আজকের ব্যানারটি যে ওয়ার্ডে লাগানো হয়েছে সেই ওয়ার্ডেই গতকাল একটি ডিমভাতের পিকনিকে যোগ দিয়েছিলেন জয়ন্ত সাহা। এরপর এমন অভিযোগ ও প্রার্থী করার দাবি নিয়ে তৃণমূলের অন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ব্যানারকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। কে বা কারা এমন ব্যানার করলো সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে।

