বিডিওর অসহযোগিতায়, বনগাঁয় প্রথম দিন মনোনয়ন জমা দিতে না পারার অভিযোগ বিরোধীদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুন: প্রস্তুত নয় বিডিও অফিস। উত্তর ২৪ পরগণায় মনোনয়ন জমা করতে না পারার অভিযোগ তুলল বিরোধীরা। বনগাঁ ব্লকে মনোনয়ন জমা করতে গিয়ে সিপিএম, কংগ্রেস ও বিজেপির একযোগে অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মনোনয়ন গ্রহণের কোনও ব্যবস্থাই করা হয়নি। এই অভিযোগের প্রেক্ষিতে ব্লক প্রশাসনের পাল্টা বক্তব্য, ভোট ঘোষণার পর সব কিছুর প্রস্তুতি নেওয়ার সময় মেলেনি। তাই মনোনয়ন গ্রহণের প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে।

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন প্রক্রিয়া। তা চলবে ১৫ জুন পর্যন্ত। এর মধ্যে রবিবার সরকারি দফতরে ছুটি, মনোনয়ন প্রক্রিয়া বন্ধ থাকবে। ভোট ঘোষণার পর দিন থেকেই মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় মহা ফাঁপরে পড়েছে ব্লক প্রশাসনের একাংশ। এত কম সময়ের মধ্যে মনোনয়ন গ্রহণের প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন তারা। ঘোষণা মতোই শুক্রবার বনগাঁ ব্লকে মনোনয়ন জমা দিতে যান বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বনগাঁ বিডিও অফিসে ডিসিআরসি ফর্ম এসেছে বেলা দুটোর পর। ফর্ম তুললেও তিনটের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে না পেরে ক্ষোভ জানালেন বিরোধী রাজনৈতিক দলগুলি।

বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, মনোনয়ন পত্র জমা দিতে তারা সকাল দশটা থেকে দাঁড়িয়ে আছেন। কিন্তু দুপুর দুটোর পর ফর্ম মিলেছে। পাশাপাশি তাঁদের অভিযোগ, ব্লক অফিস থেকে কোনো রকম সহযোগিতা মিলছে না। বিডিওর অসহযোগিতায় প্রথমদিনে প্রায় ১৫০ জন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারলেন না। বিরোধীদের আরও অভিযোগ, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি চাইছে শাসকদল। বিরোধীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।

মনোনয়নপত্র জমা না নেওয়া নিয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘‘গতকালই নির্বাচনের নোটিস দেওয়া হয়েছে। সব কিছু ব্যবস্থা করতে একটু তো সময় দরকার। আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *