সাথী দাস, পুরুলিয়া, ১ আগস্ট: হঠাৎ করে কোভিড সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ছুটির দিনে মানবাজার শহরের দোকান বাজার সহ বিভিন্ন জায়গায় হানা দিলেন মানবাজার-১ নং ব্লকের বিডিও ও মানবাজার থানার ওসি। এদিন অনেকেই মাস্কহীন ভাবে ঘোরাঘুরি করছিলেন, হঠাৎ বিডিওকে দেখে অস্বস্তিতে পড়ে যান তাঁরা। এরকম ভাবে যে বিডিও এবং ওসি হঠাৎ করে পরিদর্শনে আসবেন ছুটির দিনে কল্পনাই করতে পারেননি অনেকে।

এই বিষয়ে মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার পাহাড়ি বলেন, “করোনা ও মাস্কের ব্যবহার নিয়ে এখনও অনেক মানুষ অসচেতন। তাইনতাঁদের সচেতন করার জন্য রাস্তায় বাজারে যাই আমরা। তিনি জানান, পাশাপাশি পুঞ্চা ব্লক, বাঁকুড়া জেলাতে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে তাই মানবাজারের মানুষকে সচেতন করার জন্য আজ এই অভিযান চালানো হল।

এদিন মানবাজার, কৃষক বাজার, পোস্ট অফিস মোড়, হসপিটাল মোড়, পোদ্দার পাড়া সহ একাধিক জায়গায় মাস্কহীনদের সচেতন করতে অভিযান চলে এবং বেশ কিছু মানুষকে জরিমানা করা হয়।

