কাউন্সিলরদের রিপোর্টের ভিত্তিতে সোমবারই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা

রাজেন রায়, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: ঘোষণা হয়ে গিয়েছে বিধানসভা ভোটের দিনক্ষণ। আর মাত্র একমাস পরেই ভোটের লড়াইয়ের ময়দানে অগ্নিপরীক্ষা যুযুধান রাজনৈতিক দলগুলির। এই পরিস্থিতিতে সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা বলে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

প্রত্যেকবারের মতো এবারেও প্রার্থী তালিকাতে থাকছে চমক। পুরনো জয়ী প্রার্থীরা ছাড়াও সদ্য তৃণমূলে যোগ দেয়ার কিছু ব্যক্তিত্বরা থাকছেন প্রার্থী তালিকায়। আবার কাউন্সিলর পদে ছিলেন এবং সুনামের সঙ্গে কাজ করেছেন এমন অনেককেও এবারে বিধায়কের প্রার্থী তালিকায় সুযোগ করে দেওয়া হচ্ছে। আবার অনেক পুরনো প্রার্থীরা বাদ পড়ছেন। তৃণমূলের প্রার্থী তালিকা দেখে তার কয়েকদিন পরেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি।

কোনও কাউন্সিলর তাঁর নিজের বিধায়ককে কাজ এবং জনসংযোগের নিরিখে কত নম্বর দিচ্ছেন, সেই মার্কশিটের ভিত্তিতে প্রার্থী ঠিক হবে বলে জানা গিয়েছে। কয়েকটি বিশেষ প্রশ্নে জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী কিংবা বিধায়ক হিসেবে গত ৫ বছর ধরে দারুণ কাজ করেছেন? কোনও স্তরে কোনও অভিযোগ নেই? একজন বিধায়কের তত্ত্বাবধানে যে ক’জন কাউন্সিলর কাজ করেন তাঁদের থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে। তাতে কে কতটা নম্বর পাচ্ছেন, খতিয়ে দেখা হচ্ছে তা। যদি দেখা যায়, কাউন্সিলররা বিধায়কের কাজকর্ম, জনসংযোগ, আচার-ব্যবহার নিয়ে তেমন সন্তুষ্ট নন, সেক্ষেত্রে প্রার্থী তালিকার বাইরেই থাকতে হতে পারে সংশ্লিষ্ট বিধায়ককে। একুশের কঠিন লড়াইয়ের আগে এসবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে।‌ আবার একসাথে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে ভোট ভিত্তিক ধাপে ধাপে প্রথম বা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে পরে আবার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে, এমনটাই তৃণমূল সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *