আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৮ সেপ্টেম্বর:
কলকাতার সঙ্গে সংযোগকারী ব্যারাকপুর বিটি রোডের ডানলপ মোড়ে যানজট কমাতে উদ্যোগী প্রশাসন। বাস চালক ও অটো চালকদের নির্দিষ্ট রাস্তা ও রুট দিয়ে চলাচল করার নির্দেশিকা জারি করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ মনে করছে, প্রশাসনের নির্দিষ্ট করা রাস্তা দিয়ে বাস ও অটো চলাচল করলে ডানলপ মোড়ে কোনও ভাবেই যানজট হবে না। শুক্রবার ট্রাফিক পুলিশ কর্মীরা পথে নেমে বাস চালক ও অটো চালকদের মধ্যে ডানলপ মোড় দিয়ে বিভিন্ন রুটে বেরোনোর নির্দেশিকা হিসেবে লিফলেট বিলি করেন। বাস ও অটো চালকদের ট্রাফিক পুলিশ কর্মীরা বোঝান, যাতে তারা নির্দিষ্ট রুটেই গাড়ি নিয়ে যাতায়াত করেন।

ব্যারাকপুর ট্রাফিক পুলিশের কর্তা রাম প্রসাদ মন্ডল বলেন, প্রশাসন যেভাবে গাড়ি চালকদের চলতে বলছে সেই নিয়ম মানলে ব্যারাকপুর কলকাতার সংযোগকারী ডানলপ মোড়ে কোনও ভাবেই যানজট হবে না।

