প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ সেপ্টেম্বর: ভুয়ো ভ্যাকসিনের পর থেকেই সামনে আসছে একের পর এক ভুয়ো পুলিশ, সিবিআই , ভুয়ো ডাক্তারদের কীর্তি। এবার ভুয়ো পুলিশের পর্দা ফাঁস করল উত্তর ২৪ পরগনার বরানগর থানার পুলিশ।
নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে মানুষের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে বরানগর এমএনকে রোড থেকে অনিরুদ্ধ দত্ত নামে এক ভুয়ো পুলিশ অফিসারকে গ্রেফতার করল বরানগর থানার পুলিশ। অনিরুদ্ধ দত্ত নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে বরানগর ময়রাডাঙ্গার বাসিন্দা রথীন মল্লিকের কাছ থেকে টাকা নেয়। খোঁজ খবর নিয়ে রথীনবাবু জানতে পারেন এই নামে কোনও অফিসার লালবাজারের অপরাধ দমন শাখায় কর্মরত নেই। তারপর তিনি আজ সকালে বরনগর থানায় অনিরুদ্ধ দত্তর নামে প্রতারণার অভিযোগ দায়ের করলে বরনগর থানার পুলিশ অনিরুদ্ধ দত্তকে গ্রেপ্তার করে।
অনিরুদ্ধ দত্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সে নকল পরিচয় পত্র ও নকল পুলিশের ড্রেস পরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত। সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে বরানগর থানার পুলিশ।

