সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: শিশুখাদ্য লোপাটের অভিযোগে জেলে গেলেন তৃণমূল নেত্রীর পুত্র। অভিযুক্ত প্রসেনজিৎ সিং মল্ল বরাবাজার গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁর বিরুদ্ধে ২০১৬ সালে বরাবাজার থানায় লিখিত অভিযোগ করেন তৎকালীন বরাবাজার ব্লকের সিডিপিও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে শতাধিক অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশুখাদ্য লোপাটের। ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে মামলা হলেও প্রায় পাঁচ বছর ধরে পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন প্রসেনজিৎ।

অবশেষে বুধবার পুরুলিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত প্রসেনজিৎ। আদালত তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্ত প্রসেনজিতের মা সুমিতা সিং মল্ল পুরুলিয়া জেলা পরিষদের সদস্য। তিনি জানান, “ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা মাথা পেতে নেব, আইন আইনের পথে চলবে।”

