সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ অক্টোবর: দিল্লিতে কৃষক আন্দোলনে অংশ নিতে আজ এআইকেএমএসের বাঁকুড়ার এক প্রতিনিধি দল দিল্লি রওনা দিলেন। কৃষি আইন বাতিল, দেশের কৃষি ক্ষেত্রে কর্পোরেট সংস্থার প্রবেশ বন্ধ সহ কয়েকদফা দাবিতে এই আন্দোলনে অংশ নিতে যাচ্ছেন তারা। দীর্ঘ প্রায় একবছর ধরে দিল্লির উপকন্ঠে কৃষক আন্দোলন চলছে। সেই আন্দোলনে যোগ দিতে বাঁকুড়া থেকে কুড়ি জনের একটি দল দিল্লি রওনা দিলেন।
সারা ভারত কৃষক মজদুর সভা এআইকেএমএস (AIKMS) এর বাঁকুড়া জেলা সম্পাদক শুভ্রাংশু মুখার্জি জানান, সংযুক্ত কিষাণ মোর্চা ও তার অন্যতম অংশীদার এআইকেএমএসের আহ্বানে আজ বাঁকুড়া জেলার প্রায় ২০ জন এআইকেএমএস স্বেচ্ছাসেবক আজ দিল্লির কৃষক আন্দোলনে শামিল হতে আনন্দবিহার এক্সপ্রেসে রওনা দিলেন।গাজিপুর, টিকরিত ও সিংঘু সীমান্তে তারা আন্দোলনরত কৃষকদের সঙ্গে লড়াইয়ে থাকবেন। প্রচারেও অংশ নেবেন তারা। ওখানকার আন্দোলন থেকে শিক্ষা নিতে এবং এই রাজ্যে কৃষকদের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়তে এই উদ্যোগ বিশেষ কাজে লাগবে বলে শুভ্রাংশুবাবু মন্তব্য করেন।

