সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ নভেম্বর: উচ্চ আদালতের নির্দেশ মতো শহরের একটি অবৈধ নির্মাণ ভেঙ্গে দিল বাঁকুড়া পুরসভা।বাঁকুড়া শহরের দশ নম্বর ওয়ার্ডে স্কুল ডাঙ্গায় এই অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। ওই নির্মাণের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জনৈক নবেন্দু চট্টোপাধ্যায়।সম্প্রতি উচ্চ আদালত ওই অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। সেই মতো পুরসভা ওই বাড়ির মালিককে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার নোটিশ জারি করে। কিন্তু এই নোটিশ প্রত্যাখ্যান করা হয়। অবশেষে পুরসভা ওই অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার কাজে নামে বলে জানান পুরপ্রধান অলকাসেন মজুমদার।

স্হানীয় অধিবাসীদের বক্তব্য, পুরসভার রাস্তা দখল করে ওই অবৈধ নির্মাণের ফলে আমাদের যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয়। অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না।আমাদের ঘুরপথকেই বেছে নিতে হয়। ওই অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়ায় খুশি তারা।
এদিকে আজ সকালে ওই অবৈধ নির্মাণ ভাঙ্গার সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে বাধা ও হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের।

