বাংলা আবাস যোজনা মুছে প্রধানমন্ত্রী আবাস যোজনা করলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী দানা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণ করে তা বাংলার আবাস যোজনা বলে প্রচার করা হচ্ছে বলে রাজ্য জুড়ে সোরগোল উঠেছে। আজ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিলাবেদিয়া গ্ৰামে গিয়ে এরকম বাড়ির দেওয়ালে সাঁটানো বোর্ডে বাংলার আবাস যোজনা লেখার উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা পোস্টার সাঁটালেন বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা। এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নিলাদ্রী বাবুর বক্তব্য, গ্ৰামে গ্ৰামে শক্তি প্রমুখদের নিয়ে জনসংযোগ অভিযান চলছে। সেই সূত্রে আজ তিলাবেদিয়া গ্ৰামে আসি। এখানের গ্ৰামবাসীদের মধ্যে বিরাট ক্ষোভ। একশো দিনের কাজ মিলছে না, রাজনৈতিক সন্ত্রাস চলছে সবাই সন্ত্রস্ত্র, কেন্দ্রীয় প্রকল্পের কাজ রাজ্য সরকারের বলে চালিয়ে দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় নির্মিত বাড়িও রাজ্য সরকারের বলে সেখানে বাংলার আবাস যোজনা বলে প্রচার করা হচ্ছে, বাড়ির দেওয়ালে পর্যন্ত বোর্ড লাগানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ও সত্য ঘটনা গ্ৰামবাসীদের কাছে তুলে ধরার পাশাপাশি বোর্ডে বাংলার আবাস যোজনার পরিবর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা পোস্টার সাঁটালাম।

এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, শুধু বাঁকুড়ার বিধায়ক তো নন বিরোধী দলনেতাও ওই অভিযোগ করছেন।পায়ের তলার মাটি আলগা হয়ে যেতেই বিজেপি এখন নাটক শুরু করেছে। এতে লাভ কিছু হবে না বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *