সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা “নিট”এ ৭২০ নম্বরের মধ্যে ৭১০ পেয়ে নজির সৃষ্টি করেছে বাঁকুড়া রেল কলোনির বাসিন্দা প্রগত ঘোষ। সর্বভারতীয় তালিকায় ৩১তম স্থানে প্রগত।

পোয়াবাগান বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্র প্রগত ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ত্রয়োদশ স্থান লাভ করেছিল। তারপর উচ্চ শিক্ষার জন্য রাজস্থানে একটি কোচিং সেন্টারে অধ্যয়ন শুরু করে। সেখান থেকেই ভালো ডাক্তার হওয়ার লক্ষ্যে “নিট” পরীক্ষায় অবতীর্ণ হয় এবং দুর্দান্ত ফল করে বাঁকুড়ার সুনাম বৃদ্ধি করে।

প্রগতর বাবা রেল বিভাগে কর্মরত। একমাত্র সন্তানের উচ্চশিক্ষার জন্য দেশের নানা প্রান্তে খোঁজ খবর নিয়েছেন।মাধ্যমিক ও ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ষষ্ঠ স্থান দখল করার সুবাদে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোচিং সেন্টার তাদের প্রতিষ্ঠানে শিক্ষা লাভের জন্য প্রগতর সঙ্গে যোগাযোগ করে। প্রগতর পিতা পার্থ ঘোষ জানান, রাজস্থানের কোটা থেকেই শেষমেষ পরবর্তী পড়াশোনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রগতর ইচ্ছা দেশের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হওয়ার।সেজন্য সে দিল্লির এইমস- এ ভর্তি হতে চলেছে।
প্রগতর পিতা জানান, ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়েই থাকতো। অলিম্পিক বায়োলজিতেও সে উল্লেখযোগ্য ফল করে।প্রগতর পিতা পার্থবাবু আক্ষেপ করে বলেন, সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করলেও তা সংবাদ মাধ্যমে প্রচার পায়নি। হয়তো রাজস্থান থেকে পরীক্ষা দিয়েছিল বলে, কিন্তু সে তো আপাদমস্তক বাঁকুড়ার ছেলে।
প্রগত তার ভবিষ্যত পরিকল্পনা সম্বন্ধে জানায় দিল্লির এইমসে ডাক্তারি পাশ করে চিকিৎসা শাস্ত্র নিয়ে আরো পড়াশোনা করতে চায়।

