সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ এপ্রিল: রামনবমীর মিছিলে পুলিশের বাধায় উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রথমে লাঠি চালায়, পরে কাঁদানে গ্যাস ছোড়ে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বাঁকুড়া।
আজ বিকেলে পাঁচ বাঘা মাঠ থেকে শ্রমিক রাম নবমী উদযাপন সমিতি মিছিলের আয়োজন করে। মিছিলে প্রায় হাজার দশের অধিক মানুষ যোগ দেয়। মহিলাদের উপস্হিতি ছিল উল্লেখযোগ্য। মিছিল মাচানতলার সন্নিকটে হাজির হলে পুলিশ মিছিল অন্যান্য বারের মত পথ পরিবর্তন করে অন্যপথে ঘুরে যাবার নির্দেশ দিলে গন্ডগোল শুরু হয়।
মিছিলে যোগদানকারীদের বক্তব্য, চিরাচরিত পথ ধরেই মিছিল যাবে। উপস্থিত পুলিশ আধিকারিকদের বক্তব্য, রমজান মাস চলছে তাই মসজিদের সামনে দিয়ে যাওয়া চলবে না। পাল্টা উদ্যোক্তাদের বক্তব্য ওই পথ দিয়েই বরাবর মিছিল যায়, কখনও কোনও ঝামেলা হয়নি, এবার বাধা কেন? এই প্রশ্নের সদুত্তর না পেতেই মিছিলে যোগদানকারীরা উত্তেজিত হয়ে ওঠে, মিছিল ওইখানেই
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও পুলিশ অনড় থাকে, এর ফলেই ধৈর্য্যচুত্যি ঘটে। তখন জোর করেই পুলিশের বেষ্টনী ভেঙ্গে মিছিল যাওয়ার চেষ্টা করলে পুলিশ নির্বিচারে লাঠি চালায় ও পরে কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের লাঠিতে বহু মানুষ আহত হয়, মহিলারাও বাদ যায়নি বলে অভিযোগ। এর পরই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এই ঘটনায় সারা বাঁকুড়া শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সাধারণ মানুষ পুলিশের অতি সক্রিয়তাকেই দায়ী করেছেন। এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য মেলেনি।

