দুৰ্ঘটনার কবলে বাঁকুড়ার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক, অল্পের জন্য প্রাণ রক্ষা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ জুলাই:
অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার ও অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি রাজস্ব) শঙ্কর নস্কর। আজ সকালে ওন্দার কাছে গোগড়ায় এই ঘটনা ঘটে়।

একটি গাড়িতে করে জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক বিষ্ণুপুরের জয়পুর ব্লকে একটি প্রশাসনিক মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন। বাঁকুড়া- বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাবার সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসা একটি টাটা এসি গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারে। জেলা শাসকের গাড়ির চালক অতি বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িটিকে বাঁ দিকে কাটিয়ে পরিস্থিতি সামাল দেন, না হলে একেবারে মুখোমুখি ধাক্কা লাগত। তবুও গাড়ির ধাক্কায় জেলা শাসকের গাড়ির ডান দিক পুরো দুমড়ে মুচড়ে যায়। আজ সকাল সাড়ে দশটা নাগাদ ওন্দা থানার গোগড়া মোড়ের কাছে এই ঘটনা ঘটে।

জেলা শাসক কে রাধিকা আইয়ার চালকের পাশে বাঁ দিকে বসেছিলেন। অতিরিক্ত জেলাশাসক ছিলেন পিছনের সিটে ডানদিকে। যার ফলে চালক ও অতিরিক্ত জেলাশাসক অল্প বিস্তর জখম হন। ওন্দা থানার পুলিশ জেলা প্রশাসনের দুই শীর্ষ কর্তা ও চালককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ টাটা এসি গাড়িটি সহ চালক ও খালাসীকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *