বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেরণা আমাদের সোনার বাংলা গড়তে লক্ষ্যে পৌঁছে দেবে, নৈহাটিতে বললেন নাড্ডা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ ফেব্রুয়ারি: “বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে আমি অভিভূত। আমি উনার জন্মস্থান দেখলাম, যে ঘরে চেয়ার টেবিলে বসে উনি “বন্দে মাতরম” রচনা করে ছিলেন সেই ঘর, উনার ব্যবহার করা চেয়ার টেবিল, উনার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দেখলাম আমি। আমি নিজেকে গর্বিত ও ভাগ্যবান মনে করছি মহান সাহিত্য সম্রাটের বাড়িতে এসে। উনি স্বাধীনতার প্রেক্ষাপটে আনন্দমঠ উপন্যাস লিখে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করে ছিলেন। উনার “বন্দে মাতরম” জাতীয় শ্লোগান দেশ বাসীর প্রতিটা ঘরে ঘরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আজকে নৈহাটিতে এসে বঙ্কিম চন্দ্র সম্পর্কে যে উপলব্ধি আমার হল তা আমার জীবনের প্রেরণা হয়ে থাকবে। আর বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় শুধু আমার প্রেরণা নয়। উনি আমার, আপনার এবং গোটা দেশবাসীর প্রেরণা। এই প্রেরণা আমাদের আগামী দিনে এই পশ্চিম বাংলাকে সোনার বাংলা গড়তে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে।” বললেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আক্রমণের উত্তর ২৪ পরগনার নৈহাটি কাঠাল পাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান তাঁর বসত ভিটে পরিদর্শন করে একথাই বলেন জে পি নাড্ডা। বৃহস্পতিবার দুপুরে তিনি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। সেখানে তিনি বঙ্কিম ভবনে গিয়ে বঙ্কিম ভবনের অধ্যক্ষের সঙ্গে দেখা করে কথা বলেন, বঙ্কিম মিউজিয়াম পরিদর্শন করেন, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান পরিদর্শন করেন। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এদিন নৈহাটি কাঠাল পাড়ায় বঙ্কিম ভবনে গিয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, স্থানীয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং সহ বিজেপির অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃত্ব।

জেপি নাড্ডার উত্তর ২৪ পরগনা জেলা সফর দলীয় কর্মীদের ভোটের আগে অনেক বেশি উজ্জীবিত করবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “লোকসভা ভোটে ৭ টি বিধানসভা নিয়ে আমি ১৪ হাজার ভোটে নির্বাচিত হয়েছিলাম, তবে এখন সবকটি বিধানসভাতে এগিয়ে বিজেপি। এই লোকসভা কেন্দ্রে ৭ টি বিধানসভা কেন্দ্রে এখন আমরা অন্তত দেড় লক্ষ ভোটে এগিয়ে আছি।” নৈহাটি কাঠাল পাড়ায় বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নৈহাটি গৌরী পুরে এক জুটমিল শ্রমিকের বাড়িতে গিয়ে সম্পূর্ণ বাঙালি মেনুতে মধ্যহ্নভোজ সারেন। জেপি নাড্ডাকে দেখতে এদিন নৈহাটি শহরে রাস্তার পাশে ভিড় জমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *