সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, ৪ আগস্ট:
গ্রাহকদের প্যানকার্ড জালিয়াতি করে ব্যাঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগ ব্যাঙ্কেরই দুই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার ঈশ্বরীগাছার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে দুই অভিযুক্তের নাম নাজিমূল ইসলাম, অশোকনগর তালসা এলাকার বাসিন্দা। পিয়ারুল ইসলাম মন্ডল, অশোকনগর মাগুরখালি এলাকার বাসিন্দা।

ব্যাঙ্ক সূত্রে খবর, ধৃত দু’জনই ব্যাঙ্কের লোন রিকভারি ডিপার্টমেন্টে কাজ করতেন। সেখান থেকেই গ্রাহকদের প্যানকার্ড সংগ্রহ করে নাম ও ছবি বদলে বিভিন্ন ভাবে জালিয়াতি করে এই টাকা হাতিয়ে নেয়। অভিযুক্ত দু’জনের কাছ থেকে নগদ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে অশোকনগর থানার পুলিশ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে ব্যাঙ্ক থেকে বিভিন্ন গ্রাহকদের মোবাইলে লোনের কিস্তি জমা দেওয়া এসএমএস যেত। গ্রাহকরা ব্যাঙ্ক ম্যানেজারকে ঘটনার কথা জানান। তারা বলেন, এই ব্যাঙ্ক থেকে কোনও লোন নেওয়া হয়নি। তবুও কিস্তি শোধ করার এসএমএস আসে মোবাইলে। এরপরই তদন্ত চালিয়ে নাজিমূল ইসলাম ও পিয়ারুল ইসলাম মন্ডলকে হাতে নাতে ধরে। এরপর পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তবে এর পেছনে আরও কেউ জড়িত আছে বলেই মনে করছেন তদন্তকারী অফিসার। বুধবার ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে তোলা হয়।

