আমাদের ভারত, কলকাতা, ১১ এপ্রিল: নববর্ষের প্রাক্কালে খোদ কলকাতায় ব্যাঙ্ক প্রতারনার শিকার হলেন এক রাজ্য সরকারী কর্মচারী এবং তাঁর স্ত্রী। মোবাইলে আসা অ্যাপের মাধ্যমে ফোন ও আধার সংযুক্তি ঘটাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন সংকেত চক্রবর্তী এবং তাঁর স্ত্রী দীপা চক্রবর্তী।
সংকেতবাবুর অবশ্য এখন ও বিশ্বাস যে কলকাতা পুলিশ ঠিক উদ্ধার করে আনবে তাঁদের প্রতারিত অর্থ। তার সাথে শাস্তিও পাবে প্রতারকরা। দীপা দেবী অবশ্য অনেক বেশি চিন্তিত এই ভেবে যে কী করে এই মাস চলবে? এখনও যে তাদের সারা মাসের ওষুধই কেনা হয়নি।
কলকাতা পুলিশের সাউথ সুবার্বন ডিভিশনে এ ব্যাপারে দায়ের অভিযোগ নম্বর ৩৩২০৪২২০০০১৭৯৫ এবং বাঁশদ্রোনী থানার জিডি নম্বর ৫৯৫ (৯/৪/২০২২)
প্রসঙ্গত, সংকেতবাবু, ফরওয়ার্ড ব্লক সমর্থিত রাজ্য সরকারী কর্মচারী সংগঠন, ‘রাজ্য স্টিয়ারিং কমিটির‘ রাজ্য সম্পাদক এবং দীপা চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লকের কলকাতা জেলার মহিলা নেত্রী। গত বছর কলকাতা পৌরসভা নির্বাচনে ৭৪ নং ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থীও ছিলেন, দীপা চক্রবর্তী।
সংকেতবাবুর বিশ্বাসের কতটা মর্যাদা রাখতে পারে কলিকাতা পুলিশ, এখন সেটাই দেখার।

