আমাদের ভারত, ১৮ অক্টোবর: দাউ দাউ করে আগুন জ্বলছে রাতের অন্ধকারে। রবিবার রাতে পুড়ে ছাই হয়েছে বাংলাদেশের রংপুরের কয়েকটি গ্রামে বেশ কিছু হিন্দুদের বাড়ি। দুর্গাপুজো থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক হিংসা থামার কোনও লক্ষন নেই। এই ঘটনায় বাংলাদেশের হাসিনা সরকারের কড়া সমালোচনায় মুখর লজ্জার লেখিকা তসলিমা নাসরিন।
দুর্গাপূজা থেকে শুরু হওয়া বাংলাদেশের সংঘটিত সাম্প্রদায়িক হিংসা রেশ এখনো কাটেনি। তার মধ্যেই নতুন করে হিংসার আগুন জ্বলেছে আবার। রবিবার রাতেও বাংলাদেশের উত্তরের রংপুর জেলার পীরগঞ্জে সংখ্যালঘু হিন্দুদের ২০ বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতিবান্ধা গ্রামের বহু হিন্দুর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার রাত ন’টা পঞ্চাশ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ফেসবুকের একটি ভুয়ো পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। দুষ্কৃতীরা হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেয় বলে জানা গেছে। দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পুজোমণ্ডপে কোরান অবমাননার গুজব ছড়িয়ে পড়ার অজুহাতে মৌলবাদীরা হিন্দুদের দুর্গাপূজা মন্ডপের তাণ্ডব চালায়। ভাঙ্গচুর করে প্রতিমা এবং স্থানীয় বেশকিছু মন্দির,ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি। ঘটনায় নিহতের সংখ্যা ৬। এর মধ্যে ইসকনের সন্ন্যাসীও রয়েছেন। এমনকি হিন্দুদের পরিবারের মহিলাদের ধর্ষণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ এসেছে। ন’বছরের শিশুও ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি। দেশজুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে। দোষীদের কড়া শাস্তির বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে কিন্তু তাতেও রোখা যায়নি হিংসা।
হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার কড়া নিন্দা করেছে ভারত। প্রতিবেশী দেশের পরিস্থিতির আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও।
রংপুরে হিন্দু গ্রামে একের পর এক বাড়িতে আগুন দেওয়া নিয়ে সরব হয়েছেন তাসলিমা নাসরিন। রংপুরের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় সরব হয়েছেন তিনি। তিনি লিখেছেন, “রংপুরের পীরগঞ্জের দুটি হিন্দু গ্রাম যখন পুড়ছিল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঁশি বাজাচ্ছিলেন।” অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, “রংপুরের পীরগঞ্জে দুটো হিন্দু গ্রাম- মুসলমানরা জ্বালিয়ে দিয়েছে রবিবার রাতে। হিন্দুর বাড়িঘরের এবং দোকানপাটের কোনও নিরাপত্তার ব্যবস্থা নেই। যে কোনও অজুহাতেই মুসলমানরা হিন্দুর বাড়িঘর ভেঙ্গে ফেলছে। পুড়িয়ে ছাই করছে। হিন্দুদের পেটাচ্ছে। খুন করছে। সরকার মিথ্যে আশ্বাস দিয়ে যাচ্ছে, যে অপরাধীর শাস্তি পাবে। হিন্দু নির্যাতনের জন্য কোনও মুসলমান অপরাধীকে আজ অব্দি শাস্তি দেওয়া হয়েছে বলে শুনিনি।”


https://www.facebook.com/100004034030498/posts/2505686342909142/?app=fbl
https://www.facebook.com/100004034030498/posts/2505932859551157/?app=fbl

