Oikya Parishad, Bangladesh, ভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা বাংলাদেশ ঐক্য পরিষদের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি: বিএনপি-সহ রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণের বিষয়টি উপেক্ষিত থাকায় শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।

রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ এই প্রতিবেদককে জানান, বিএনপি-সহ দেশের প্রায় সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সংবিধানের রাষ্ট্রীয় মৌলনীতি থেকে ‘ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা’ বিলোপের পথ ধরেছে। দেশের এক-দশমাংশ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষিত রয়েছে। এতে আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছি।

পরন্তু বিএনপি’র মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর ‘আল জাজিরা’-র সাথে সাম্প্রতিক সাক্ষাৎকারে সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত সাম্প্রদায়িক হিংসাকে ‘নিছক রাজনৈতিক বিষয়’ বলে উল্লেখ করে লঘু করে দেখানোর প্রবণতা দেখিয়েছেন।

ঐক্য পরিষদ এতে গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। নির্বাচনী প্রচারণায় মৌখিকভাবে নিরাপত্তার অভয়দান সংখ্যালঘু জনমনে কোনভাবে আস্থা ও আশা জাগাতে পারছে না।

আসন্ন সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দল ও জোটসমূহের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি এহেন নির্মম উপেক্ষা ও অবহেলা নিশ্চিতভাবেই আমাদের হতাশ করেছে। ভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিঁকিয়ে রাখার ক্ষেত্রে বড় ধরণের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এর নেতিবাচক প্রভাব নির্বাচনে প্রতিফলিত হলে এজন্যে তাদের কোনভাবেই দায়ী করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *