আমাদের ভারত, ২৬ এপ্রিল:করোনা পরিস্থিতি সামাল দিতে ভারতের সাথে টিকা চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু সেই টিকা সরবরাহকারী ভারতেই এখন মারাত্মক হারে বেড়েছে করোনা সংক্রমণ। তাই সেখান থেকে নিজেদের দেশে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য আগামী দুই সপ্তাহ ভারত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।
২৬ এপ্রিল থেকে আগামী ৯ মে পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকছে। এই সময় কালে বৈধ ভিসা পাসপোর্ট নিয়েও কেউ সড়কপথে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে পারবেন না। ১৪ এপ্রিল থেকে এমনিতেই দু’দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ। কিন্তু এর মধ্যেই ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষ ছাড়িয়ে গেছে। তাই এই পরিস্থিতিতে সাময়িকভাবে নিজেদের সীমান্ত বন্ধ রাখার ঘোষণা করল বাংলাদেশের বিদেশমন্ত্রক।
মানুষের প্রবেশ বন্ধ থাকলেও ব্যবসা-বাণিজ্য বজায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদেশমন্ত্রক। তবে বাংলাদেশ থেকে ভারতে এস আটকে পড়া সকলেই দেশে ফিরতে পারবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তার জন্য তাদের বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। তবে বাংলাদেশ সরকারের আচমকা এই সিদ্ধান্তে অসুবিধায় পড়েছেন সেখান থেকে ভারতে আসা বহু মানুষ। তাদের অনেকেই বলছেন মন্তব্য সীমান্ত বন্ধ করার আগে দুদিন অন্তত সময় দেওয়া উচিত ছিল।

