রাজেন রায়, কলকাতা, ৩ মার্চ: ভোটের আগে সব রাজনৈতিক দলেই তারকাদের রমরমা। বিজেপিতে শ্রাবন্তীর যোগদানের পর এবার তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার এবং শ্রাবন্তীর মতো টলি তারকারা। অন্যদিকে মমতার হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিয়েছেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, মানালি দে, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সৌমিক দে-র মতো বিনোদন ও ক্রীড়া জগতের সেলিব্রেটিরা।
এবার প্রার্থী ঘোষণার দিনই চমক দিল তৃণমূল। মমতার দলে যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা। বুধবার তৃণমূল ভবনে রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুলের পতাকা তুলে নেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যোগদান করেই তিনি জানালেন, “দিদির পাশে থেকে মানুষের সেবা করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। আমাকে সে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে অনেক ধন্যবাদ। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সেই দায়িত্ব পালন করতে পারি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। বিগত দশ বছর ধরে আমি দিদির পাশে ছিলাম, আগামীদিনেও থাকব। আজ থেকে দিদির পাশে থেকে তাঁর হাত শক্ত করব। মানুষের সেবা করব।”
সম্ভবত হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা তৃণমূলে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর দুই ভাই কার্তিক ও স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন। তবে সবটা জানা যাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর।

