সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ ফেব্রুয়ারি: বিজেপি ভোট চাইতে গেলে ঝাঁটার বাড়ি মেরে তাড়িয়ে দেবেন। আর নির্দল প্রার্থীদের হোডিং ও ব্যানার ছিঁড়ে ফেলার নির্দেশ দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আলোরানী সরকার। শনিবার রাতে একটি পথ সভায় এমনই নির্দেশ দেন তিনি।
বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ দাসের সমর্থনে শনিবার রাতে পথসভা চলছিল ওই এলাকায়। সেই পথ সভায় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আলো রানী সরকার বক্তব্য রাখতে গিয়ে নির্দল প্রার্থীর ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলার নিদান দেয়। পাশাপাশি বিজেপি প্রার্থীকে ঝাঁটা পেটা করার কথাও বলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বনগাঁয়।
১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কবিতা বালা বলেন, এদিন ১৪ নম্বর ওয়ার্ডে মাইক বেঁধে প্রথমে আমাকে উদ্দেশ্য করে আলোরানী সরকার তাঁর কর্মীদের নির্দেশ দেয় আমার হোডিং ব্যানার ছিঁড়ে ফেলে দিতে। এরপর আমাকে ২৭ তারিখের পর দেখে নেবে বলে হুমকি দেয়। এমনকি তিনি এই ওয়ার্ডের মানুষদের বাড়িতে থাকতে বলে বলেন, ভোট করবো আমরা। একজন জেলা সভাপতির কাছ থেকে এমন ভাষা আশা করিনি।
পাশাপাশি ওই সভাতে আলোরানী বলেন, বিজেপির প্রার্থীরা বাড়িতে ভোট চাইতে গেলে ঝেঁটিয়ে বিদায় করে দেবেন। এবিষয়ে বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, এমন কালচার যার, তিনিই এমন কথা বলতে পারেন। এই সব মানুষকে বনগাঁ থেকে তাড়াবে বনগাঁর মানুষ। যদি সত্যিই বুকের পাটায় জোর থাকে সঠিক নির্বাচন করে দেখাক।
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আলোরানী সরকার অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের টাকা ভোগ করে এখন টিকিট না পাওয়ার নাম করে যেসব নির্দল প্রার্থী ভোট চাইছেন তাঁদের উদ্দেশ্যে আমি বলেছি। বিজেপিকে ঝাঁটার বাড়ি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অভিরুচি এবং রুচির মধ্যে তাঁদের যদি কোনো ধারণা থাকত তাহলে মানুষকে মেরে ১৪ ফুট মাটির নিচে পুঁতে দেওয়ার কথা বলেন, তাঁদের কাছে আমাদের নিয়ে সমালোচনা শুনবো না। তারা কি বলতে পারে, আর না পারে তা আমরা জানি।

