বনগাঁ পৌরসভার উপনির্বাচনের দিন ঘোষণা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুলাই: বনগাঁ পুর‌সভার ১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। সেই অনুযায়ী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ডেকে জরুরি বৈঠক করে এব্যাপারে বিস্তারিত জানানো হল। ফলে এখন থেকে উপনির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বনগাঁ পুরসভা এলাকায় নির্বাচনবিধি লাগু থাকছে।

এবছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভার পাশাপাশি বনগাঁ পুরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হয়। বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৯ টি ওয়ার্ডে জয়লাভ করে বোর্ড গঠন করে। প্রসঙ্গত উল্লেখ্য, পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করেন দলের শহর সভাপতি দিলীপ দাস। ২৩ মার্চ হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। আর সেই কারণে ১৪ নম্বর ওয়ার্ডটি ফাঁকা হওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। অবশেষে নির্বাচন কমিশন এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে।

প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশন উপনির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে। এরপরই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিকেল সাড়ে ৫ টা নাগাদ স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ডেকে সেই নির্ঘন্ট জানিয়ে দেওয়া হয়। ফলে সেইসময় থেকে বনগাঁ পুরসভা এলাকায় নির্বাচন বিধি লাগু হয়ে গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। স্ক্রুটিনি ৪ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৬ আগস্ট। ২১ আগস্ট ভোটগ্রহণ। তবে এখনও ফলাফল ঘোষণার তারিখ জানানো না হলেও নির্বাচন প্রক্রিয়া ২৬ আগস্টের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।

এব্যাপারে জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ জানান, আজ থেকেই দেওয়াল লিখন শুরু হচ্ছে। তবে শুধু দলের প্রতীক এঁকে। যদিও এই উপনির্বাচনেও রিগিং হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। দলের বিধায়ক অশোক কীর্তনিয়া দাবি করেন, সঠিকভাবে ভোট হলে তাঁদের দলের প্রার্থী জয়ী হবেন। ইতি মধ্যে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। অন্যদিকে তৃণমূলের নাম নিয়ে দলের মধ্যে চলছে জল্পনা। যদিও এলাকার মানুষ তাঁদের প্রার্থী হিসাবে শঙ্কর আঢ্যের নাম প্রস্তাব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *