বনগাঁ উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিতর্ক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জুন: বনগাঁ উচ্চ বিদ্যালয়ের রান্না করা মিড-ড মিলের খাবার গরুকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে রাঁধুনিরা, এমনই ভিডিও ভাইরাল হলো সামাজিক মাধ্যমে। মঙ্গলবার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে দু’জন মহিলা তিন বালতি মিড ডে মিলের খাবার নিয়ে যাচ্ছেন এবং তাদের জিজ্ঞাস করা হলে তার উত্তরে তারা বলেন, গরুকে খাওয়ানোর জন্য মিড ডে মিলের খাবার তারা নিয়ে যাচ্ছেন।

আর এই ভিডিও নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে কিভাবে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার স্কুলের বাইরে যাচ্ছে? তবে কি স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন সেই প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, হাই স্কুলে ৮০০-এরও বেশি সংখ্যক ছাত্র প্রতিদিন মিড ডে মিলের খাবার খায়। তাদের প্রত্যেকের জন্যই মিড ডে মিলের খাবার প্রতিদিন রান্না করা হয়। মাঝেমধ্যে কিছু সংখ্যক ছাত্র অনুপস্থিত থাকলে বেশ কিছু পরিমাণ খাবার বেঁচে যায়, এবং সেই উদ্বৃত্ত খাবার স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা রান্না করেন তারা নিজেদের খাবার জন্য নিয়ে যান। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে গরুর জন্য খাবার নিয়ে যাওয়া মন্তব্য প্রসঙ্গে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল দে বলেন, ওই মহিলা ভয় পেয়ে গিয়ে গরুর খাবারের কথা বলে ফেলেছেন। তৃণমূল অবশ্যই এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এটা বিজেপির কারসাজি হতে পারে। ঘটনার সত্যতা যাচাই করা উচিত, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *