সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ মার্চ: দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার দাস। বুধবার ভোর ৫ টে নাগাত প্রয়াত হন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের বনগাঁ শহর সভাপতি এবং বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ কুমার দাস। বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার সকালে তাঁকে দেখতে হাজার হাজার মানুষ তাঁর বাড়িতে আসেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দিলীপবাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি গত পৌরভোটের আগে থেকেই কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে তাকে বাড়িতে নিয়ে আসলেও শারীরিক অসুস্থতা বাড়ায় ফের বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ লড়াইয়ের পর বুধবার সকালে বনগাঁ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রসঙ্গত, গত পৌরভোটে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। ভোটের ফলাফলে তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৩৬১ এবং জয়ী হয়েছিলেন ৩৮৬ ভোটে। বর্ষীয়ান নেতা দিলীপ দাসের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বনগাঁর রাজনৈতিক মহলে।
বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, বনগাঁর জনপ্রিয় নেতাকে হারাল বনগাঁর মানুষ। তিনি ও আমার বাবা ভূপেন্দ্রনাথ শেঠ এক সঙ্গে রাজনীতিতে নেমেছিলেন। আমার বাড়ির সঙ্গেও তাঁর সুসম্পর্ক অনেক বছরের। কাকা বলে ডাকি। তিনি ১৯৯৮ সাল থেকে আমাদের লালনপালন করে এসেছে। আমরা বা তৃণমূল আজ যাকে হারাল সেই জায়গা আর কেউ পূরণ করতে পারবে না। তৃণমূলের পক্ষ থেকে তাঁর আত্মর শান্তি কামনা করি তিনি যেখানেই থাকুক ভাল থাকুন।

