সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ ডিসেম্বর: তীব্র যানজটে অবরুদ্ধ বনগাঁ-বাগদা সড়ক। বনগাঁর মতিগঞ্জ থেকে শুরু করে প্রায় ১০ কিলোমিটার ধরে দাঁড়িয়ে পন্য বোঝাই ট্রাক। দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা। কয়েকশো যাত্রী প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে বনগাঁ শহরে এলেন। রোগী নিয়ে আটকে পড়লো অ্যাম্বুলেন্স। যাত্রীরা জানিয়েছেন, প্রতিদিনই সকাল থেকে তীব্র যানজটের সম্মুখীন হতে পথ চলতি মানুষদের। দুপাশে ট্রাক দাঁড়িয়ে থাকায় দু-তিন কিলোমিটার সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বনগাঁ, বাগদা, দত্তপুলিয়া, বয়রা যাওয়ার একমাত্র রাস্তা এই সড়ক, আর এই সড়ক তীব্র ভোগান্তিতে ফেলছে তাদের।

বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ বাগদা সড়কের কুঠিবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে পেট্রাপোল গামী ট্রাকের এন্ট্রি করার কারণে বহু ট্রাক সড়কের উপর দাঁড়িয়ে থাকছে৷ এছাড়া বনগাঁ বাগদা সড়কের উপর বাজিতলা থেকে মতিগঞ্জ পর্যন্ত বেআইনি ট্রাক পার্কিংয়ের রমরমা কারবার চলছে৷ এর কারণেই এই যানজট তীব্র আকার নিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসন নির্বিকার৷ ঘন্টার পর ঘন্টা বাস, অটো দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ শ্রমিকরা। বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
এ বিষয়ে নিত্যযাত্রীরা বলেন, “বিগত কয়েক মাস ধরে বনগাঁ বাগদা রোডের দু’ধারে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকায় তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে সকলকে। প্রশাসন নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে, যানজট কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না। প্রশাসনের কাছে আবেদন রাখছি প্রশাসন যাতে দ্রুত এই যানজট মুক্তির ব্যবস্থা করেন।”

ক্ষুব্ধ বাস-অটোর শ্রমিকরা এ বিষয়ে প্রশাসনকে এক হাত নিয়েছেন। কেউ কেউ প্রশাসন টাকা নিয়ে রাস্তার উপর এই বেআইনি পার্কিংয়ে মদত দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন। বিকাশ ঘোষাল নামে একজন বাসের কনডাক্টর বলেন, “প্রশাসন টাকা খেয়ে রাস্তার উপর এই বেআইনী পার্কিংয়ে মদত দিচ্ছে। সাধারণ মানুষ সহ বাস-অটো শ্রমিকদের কথা কোনও প্রকার না ভেবেই শুধুমাত্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে এই বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। অবিলম্বে এই যানজট সমস্যার সমাধানে তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে সমগ্র বনগাঁ স্তব্ধ করে দেব।”

