বনগাঁ- বাগদা সড়ক বেহাল, সংস্কারের দাবিতে পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ ফেব্রুয়ারি: বেহাল ও চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারের দাবিতে বাঁশ দিয়ে ব্যারিকেড করে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনগাঁ থেকে বাগদায় যাওয়ার একমাত্র এই রাস্তাটি প্রায় ২০ কিলোমিটার। দীর্ঘদিন ধরে তা বেহাল হয়ে পড়ে থাকলেও ব্লক প্রশাসন কিংবা স্থানীয় পঞ্চায়েত রাস্তা মেরামত বা সংস্কারের সেইভাবে কোনও উদ্যোগ নেয়নি। সম্প্রতি রাস্তার কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে। তাই বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই ওই রাস্তা ব্যারিকেড করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, যতক্ষণ না রাস্তা সংস্কারের জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে ততক্ষণ এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রাস্তা খারাপ থাকায় টোটো বা অটো কোনও যানবাহনই চলাচল করতে পারে না এই রাস্তা দিয়ে। ফলে একপ্রকার গ্রামেই আটকে থাকতে হয় এলাকার বাসিন্দাদের। এমতাবস্থায় এলাকার বাসিন্দারা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সকলের কাছে রাস্তা সংস্কারের জন্য দরবার করলেও আশ্বাস ছাড়া আর কোনও কাজই হয়নি। মানুষের সমস্যা থেকেই গিয়েছে।

বেহাল রাস্তার কারণে থমকে রয়েছে এলাকার ব্যাবসা বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা। ফলে ক্ষুদ্ধ বাসিন্দারা এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে বনগাঁ- পাইকপাড়া এলাকায় বেহাল রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বাঁশের ব্যারিকেড করে পথ অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন।

স্থানীয় বাসিন্দা হান্নান মণ্ডল, রবিউল সর্দার, বলেন, একটু বৃষ্টিতেই এই রাস্তায় একহাঁটু জল জমে যায়, রাস্তা দিয়ে চলাচল করা যায় না। বহু দুর্ঘটনাও ঘটেছে। প্রশাসন থেকে রাস্তা মেরামতের কাজ শুরু করলেও তা ধীরগতিতে চলছে রাস্তার কাজ। সকাল থেকে গুরুত্বপূর্ণ এই রাস্তা পথ অবরোধে আটকে থাকলেও উদাসীন প্রশাসন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *