যশোর রোডের দু’ধারের বিপজনক গাছের ডাল কাটার উদ্যোগ নিল বনগাঁর প্রশাসক গোপাল শেঠ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৩ জুলাই: বর্ষা আসলেই আতঙ্কিত হয়ে পড়েন যশোর রোড দিয়ে চলাচল করা মানুষজন। কারণ প্রতিবছরই গাছের ডাল ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনা ঘটেই চলেছে। আর এবারে সেই পরিস্থিতি থেকে নিস্তার পেতে উদ্যোগী হল বনগাঁর প্রশাসক গোপাল শেঠ।

যশোর রোডের দুই ধার দিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছে বহু প্রাচীন গাছ। এর অনেকগুলিই এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। কোনওটার শুকনো ডাল ঝুলছে, আবার কোনওটা গোড়া থেকেই নড়বড়ে হয়ে পড়েছে। আর এই রকম পরিস্থিতিতে সামান্য ঝড় বৃষ্টিতে যখন তখন ভেঙ্গে পড়ছে গাছের ডাল।

স্থানীয় বিএস ক্যাম্প মোড়ের ব্যাবসায়ীরা জানালেন, পুরসভার এই কাজে তারা খুশী৷ অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হলেন বলে জানান ব্যবসায়ীরা৷ সম্প্রতি এরকম বিশাল ডাল ভেঙ্গে বড়সড় দুর্ঘটনা ঘটেছে বনগাঁয়। গত কয়েক বছর ধরে এমন ঘটনা ঘটেই চলেছে। যদিও যশোর রোডের ধারে গাছ কাটা নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে।

এ ব্যাপারে বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, সাধারণ মানুষের কথা ভেবে যশোর রোডের বিপদজনক গাছের ডাল কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *