তৃণমূল থেকে আসা নেতা কর্মীদের বঙ্গ বিজেপি বিশ্বাস করে না, শুভেন্দুকেও সন্দেহের চোখে দেখে পদ্ম শিবির: অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মে: শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরে বিজেপির সংগঠনিক দায়িত্ব দেওয়াকে স্বাগত জানালেন সাংসদ অর্জুন সিং। তবে শুভেন্দু অধিকারীকে কত দিন বঙ্গ বিজেপি বিশ্বাস করে মানবে সেই সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি সাংগঠনিক ভাবে যাতে দুর্বল না হয়ে যায় তার জন্য ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক দিক দেখার দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। অর্জুন সিং বিজেপি ছাড়ার সময় বার বার বলেছেন, যে বঙ্গ বিজেপি তৃণমূল থেকে আগত নেতা কর্মীদের সেই ভাবে বিশ্বাস করে না তাই তিনি দল ছাড়ছেন। আর সোমবার সন্ধ্যায় তৃণমূলের সংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে অর্জুন সিং ফের একবার তার তোলা অভিযোগকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মনে করিয়ে দিলেন। তিনি এদিন দাবি করেন, যে শুভেন্দু অধিকারীকে বঙ্গ বিজেপি সন্দেহের চোখে দেখে।

এদিন টিটাগড়ে অনুষ্ঠিত তৃণমূলের সংগঠনিক বৈঠকে যোগ দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং। সেখানে তিনি বলেন, “রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছে খুব ভালো কথা, তবে আমার দল ছাড়ার পর অন্তত শুভেন্দুকে বঙ্গ বিজেপি বিশ্বাস করছে কিন্তু কত দিন করবে সেটা আমার জানা নেই। তবে আমি ওনাকে স্বাগত জানাবো।”

অর্জুন সিং বিজেপি ত্যাগ করার জন্য যাতে বিজেপি কর্মীরা অভিভাবকহীন হয়ে না পড়ে তাই আগামী ২৫ মে ব্যারাকপুরে বিজেপিকে সংগঠিত করতে শ্যামনগরে এক বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। যেখানে অর্জুন সিংয়ের গড়ে হানা দেবেন শুভেন্দু অধিকারী। ওই দিন বিজেপির স্থানীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে। আর অর্জুন সিং চলে যাওয়ায় যে সংগঠনে তার কোনো প্রভাব পড়বে না সেটা বোঝানোর জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বৈঠকে অংশ নিয়ে আসবেন বলেই রাজনৈতিক মহল মনে করছে।

তবে বিজেপির এই মিটিং প্রসঙ্গে অর্জুন সিং বলেন,
“খুব ভালো কথা। শুভেন্দু অধিকারী যদি এখানে বৈঠক করে ব্যারাকপুর তথা বঙ্গে যদি বিজেপির অবস্থা ভালো করতে পারে সেটা তো ভালো বিষয়। তবে সেরকম কিছুই হবে না। কারণ বঙ্গের আদি বিজেপি কখনো
শুভেন্দুকে বিশ্বাস করে না। শুধু শুভেন্দু না তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যারা যোগ দেয় বঙ্গ বিজেপি তাদের কাউকে বিশ্বাস করে না। এবারও কত দিন
শুভেন্দুকে বিশ্বাস করবে, কত দিন তাকে মানবে সেটা দেখার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *