আমাদের ভারত, ২৮ আগস্ট: ভারত-পাকিস্তান দীর্ঘদিন পর ক্রিকেট ময়দানে মুখোমুখি। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, তাই ম্যাচের পর যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে শ্রীনগরের একটি কলেজ কর্তৃপক্ষ।
দলবেঁধে ম্যাচ দেখলে ৫ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীনগরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটিতে। স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের ডিনের তরফের জারি করা নির্দেশে বলা হয়েছে, “ছাত্ররা অবগত বিভিন্ন দেশ নিয়ে ক্রিকেট সিরিজ আয়োজিত হতে চলেছে। ছাত্রদের এতদ্বারা জানানো হচ্ছে ক্রিকেটকে একটি খেলা হিসেবে নিতে হবে। খেলাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্রাবাসে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়।
এই ম্যাচের জন্য ছাত্রদের বলা হয়েছে ঘর থেকে না বের হতে। দল বেঁধে হোস্টেলের ঘরে খেলা দেখা নিষিদ্ধ। এই ধরনের কাজ করতে গিয়ে ধরা পড়লে তাদের সবাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হবে। যার ঘরে খেলা দেখার আসর বসবে তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হবে। একইসঙ্গে নেট মাধ্যমে খেলা নিয়ে বিতর্কিত কোনো পোস্ট না করতে বলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হারের পর শিক্ষা প্রতিষ্ঠানে দু’দল পড়ুয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর ফলে বেশ কয়েকদিন এনআইটি বন্ধ ছিল।

