সিরিঞ্জ সঙ্কটে বালুরঘাট জেলা হাসপাতাল, চরম হয়রানিতে ক্ষোভ রোগী ও তার পরিবারের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ অক্টোবর: ইনজেকশনের সিরিঞ্জ শূন্য বালুরঘাট জেলা হাসপাতাল। সমস্যায় রোগীর পরিবারের সদস্যরা। বাইরে থেকে টাকার বিনিময়েই কিনতে হচ্ছে সিরিঞ্জ। ঘটনায় ক্ষোভের সঞ্চার সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ উঠেছে আউটডোরের বেহাল পরিষেবা নিয়েও।

বাংলাদেশ সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এমন সমস্যা নতুন নয়। এর আগেও সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। এবারে সিরিঞ্জ সঙ্কটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের গাফিলতিকেই সামনে এনেছেন সকলে। যা নিয়ে চরম হয়রানির মুখে পড়েছেন গ্রামাঞ্চল থেকে আসা মানুষরা। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি ও আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের প্রায় সকলকেই টাকার বিনিময়ে এখন কিনতে হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ। আর যাকে ঘিরেই কার্যত ক্ষোভের সঞ্চার হতে শুরু করেছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের।

হাসপাতালে চিকিৎসা করাতে আসা সঞ্জিত প্রামাণিক ও মাম্পি মজুমদাররা জানিয়েছেন, সিরিঞ্জ সঙ্কট সকলকে বিপাকে ফেলেছে। হয়রানির পাশাপাশি টাকা দিয়েও কিনতে হচ্ছে এই সিরিঞ্জ। অতিদ্রুত বিষয়টি দেখা দরকার প্রশাসনের

বালুরঘাট জেলা হাসপাতালের সুপার পার্থ সারথি মন্ডল বলেন, কয়েকদিন এই সমস্যা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *