সাথী দাস, পুরুলিয়া, ২০ জানুয়ারি: পুরুলিয়ার বলরামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে জয়ী হল তৃণমূল। কার্যত তৃণমূলের কৌশলের কাছে পরাস্ত হল পদ্ম শিবির। আজ এই অনাস্থা সভাকে কেন্দ্র করে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বলরামপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তাতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

জানা গেছে, ১৭ টি আসন বিশিষ্ট বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আগেই গরিষ্ঠ সংখ্যক সদস্য নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় গ্রাম পঞ্চায়েত দখল নেয় ঘাসফুল। তবে উপপ্রধান দীপক বর্মা বিজেপিতে থেকে যাওয়ায় বিরোধী দলের ৯ জন সদস্য উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকে। এবিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল জানান, বলরামপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭ টি, যা আজকের এই বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে ডাকা অনাস্থাতে তৃণমূল কংগ্রেসের মোট ৯ জন সদস্য উপস্থিত ছিলেন। তবে, যেহেতু সেখানে বিরোধীদলের কোনো সদস্য সময়মত উপস্থিত না থাকায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়।

এছাড়া নির্বাহী সহায়ক দেবাশীষ কুইরি বলেন, উপপ্রধান গঠন নিয়ে কোনো নাম ঘোষণা করা হয়নি। ওটা প্রিসাইডিং অফিসার বলরামপুর বিডিও’র সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে।
বিজেপি সদস্যরা জানান, “আমরা সভায় পৌঁছানোর আগেই সব তৃণমূল করে নেয়। ওদের রাজত্ব। যেটা করবে সেটাই আইন হয়ে যায়।”

