আমাদের ভারত, ১১ এপ্রিল:
সুষ্ঠু ও নিরাপদ ভোট করানোর লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে। এবারের ভোটে মহিলা সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে মহিলা সেনা মোতায়েন করা হয়েছে দুই নির্বাচনী এলাকায় বলে জানিয়েছেন সিআরপিএফ আধিকারিক নিরঞ্জন ওঝা।
রাত পোহালেই বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন। এই দুই এলাকায় সুষ্ঠু নির্বাচন করাতে মোট ১৩০ কোম্পানি সেনা মোতায়েন হয়েছে। এর মধ্যে তিন কোম্পানি মহিলা সেনা মোতায়েন হয়েছে। এক কোম্পানি মহিলা সেনা মোতায়েন হয়েছে বালিগঞ্জে। আসানসোল এলাকা তুলনামূলক বড় হওয়ায় সেখানে মোতায়েন হয়েছে দুই কোম্পানির মহিলা সেনা।

সেনা আধিকারিক আশা রানির নেতৃত্বে ইতিমধ্যেই বালিগঞ্জ এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে মহিলা সেনা। বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের কাজ করছেন তাঁরা। মানুষ যাতে নিরাপদে নিশ্চিন্তে ভোট দিতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে। শেষ কয়েকটি নির্বাচনে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোটের সময়েও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে মহিলা সেনা মোতায়েন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

