আমাদের ভারত, ৮ জুলাই: দেশের অন্যান্য রাজ্যের মতো হিন্দুদের সুরক্ষায় পশ্চিমবঙ্গেও এবার হেল্পলাইন নম্বর চালু করল বজরং দল। কোনো হিন্দু যদি থানায় গিয়ে আইনি সহায়তা না পায় তাহলে ফোন করে সাহায্য চাইতে পারেন এই নম্বরে। শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা দুটি নম্বর চালু করা হয় বজরং দলের তরফে।
হিন্দুদের সুরক্ষায় বজরং দলের তরফে হেল্পলাইন নম্বর দুটি হল- উত্তরবঙ্গের ক্ষেত্রে ৯৫৬৩০৫৭৯১৬ ও
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৮৬৩৭০৭৭১৩৪।
বজরং দল পশ্চিমবঙ্গ শাখার তরফে সৌরিশ মুখার্জি জানান, রাজ্যে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে তারা তৎপর। সুরক্ষা চেয়ে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ দ্রুত তাদের কাছে পৌছাতে পারেন সেই জন্যই হেল্পলাইন নম্বর তারা প্রকাশ করেছেন। তিনি বলেন, যাদের যেমন প্রয়োজন হবে তাদের পাশে তেমন ভাবেই দাঁড়াবে বজরং দলের সদস্যরা। যদি প্রয়োজন হয় তাহলে আইনি পথে সাহায্য করবেন তারা। প্রয়োজন হলে আর্থিক ভাবেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তারা।
গোটা দেশের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। তাদের জমি বাড়ি দখল করে নেওয়া হচ্ছে। অভিযোগ জানানোর পরও স্থানীয় প্রশাসন তাদের পাশে থাকছে না। ফলে অসহায় জীবন যাপন করতে হচ্ছে হিন্দুদের। এই পরিস্থিতি পরিবর্তনের প্রয়োজন। সেই কারণে আগেই বজরং দলের তরফে কেন্দ্রীয় ভাবে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও সেই পদক্ষেপ করা হল দলের তরফে। সৌরিশ মুখার্জি জানান, কোনো ক্ষেত্রে পুলিশ যদি হিন্দুদের অভিযোগ না নেয় তাহলে এই নম্বরে তারা ফোন করে সাহায্য চাইতে পারে। সেক্ষেত্রে সংগঠন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

