আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৫ এপ্রিল: বগটুই হত্যাকাণ্ডে ধৃত দুই নাবালকের জামিন মঞ্জুর করল সিউড়ি জুভেনাইল আদালত। হত্যাকাণ্ডের সঙ্গে ওই দুই নাবালকের কোনো যোগ নেই বলে মনে করেছেন বিচারক। তাই তাদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ মার্চ রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। খুনের বদলা নিতে বগটুই গ্রামে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় এক নাবালিকা সহ মোট ৯ জনের। এই খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে ২৫ মার্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত শুরু করে। তৃণমূল নেতা আনারুল হোসেন সহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে দু’জন নাবালক। তাদের ঘটনার পর দিন বগটুই এবং কাষ্ঠগড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সোমবার সিউড়ি জুভেনাইল আদালতে জামিন মেলে দুই ধৃত নাবালকের।
সরকারি আইনজীবী অনিন্দ্য সুন্দর বলেন, “সিবিআইয়ের আইনজীবী জামিনে আপত্তি জানালেও মহামান্য বিচারপতি এই ঘটনায় তাদের সেরকম ভূমিকা না থাকায় জামিন মঞ্জুর করেন। তবে একমাস গ্রামে ঢুকতে পারবেন না ওই দুই নাবালক”। বগটুই হত্যাকাণ্ডে এই প্রথম জামিন মিলল দুই নাবালকের।
অন্য দিকে, রবিবার প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সিবিআই জেরার পর সোমবার আবারও মিহিলাল সেখ ও তার ভাইপো কিরণ শেখকে জেরার জন্য নিয়ে আসা হল রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ কুমাড্ডা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে মিহিলাল ও কিরণ শেখকে সিবিআই তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে আসে। বগটুই কাণ্ডে এই মিহিলাল ও কিরণ শেখ অন্যতম সাক্ষী। সুতরাং তাদের জেরা করে বগটুই কাণ্ডে অনেক কিছুই জানার চেষ্টা করছে সিবিআই।

