সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ জুলাই: বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ। উদ্ধার বোমার দুটি কৌটো। উত্তর ২৪ পরগনার বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের বাড়ির সামনে থেকে সোমবার দুপুরে দুটি কৌটো উদ্ধার করে বাগদা থানার পুলিশ। গোপা রায়ের দাবি, রবিবার রাতে বাড়ির সামনে দুষ্কৃতীরা একটি বোমা ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। সোমবার সকালে তা জানাজানি হতেই গোপা রায়ের পরিচারিকা জানায় একদিন আগে দুটি কৌটো বোমা বাড়ির গেটের সামনে পড়েছিল সেগুলিকে পাশের জঙ্গলে ছুড়ে ফেলেছে। এর পরেই বাগদা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুটি সন্দেহজনক কৌটো উদ্ধার করে।

তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, কিছুদিন আগে দলের বাগদার আঞ্চলিক সভাপতি ও বাগদা যুব তৃণমূল সভাপতির সঙ্গে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বিবাদ বাধে, সেই বিবাদের কারণে তার বাড়ির সামনে বোমা মেরে থাকতে পারে। যদিও এই বিষয়ে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ তিনি এখনও করেননি।
এই বিষয়ে বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ ঘোষ বলেন, নির্বাচনী ফল ঘোষণার পর থেকে তৃণমূলের কয়েকজন এমন পরিবেশ তৈরি করেছে। ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।

বাগদা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ সরদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করে তিনি বলেন, পুলিশ তদন্ত করলে সঠিক তথ্য জানতে পারবে।
বাগদা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। যদি বোমা পড়ে থাকে তাহলে উপযুক্ত তদন্ত করবার জন্য পুলিশের কাছে আবেদন রাখছি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য অমৃত লাল বিশ্বাস বলেন, তৃণমূলের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল। রাজ্যের সর্বত্র যেমন চলছে বাগদাতেও তেমনই হয়েছে। এর উপযুক্ত তদন্ত হওয়া উচিত।


