সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ অক্টোবর: মহিলার সাইকেল থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দিল এক দুষ্কৃতী। ব্যাগে ছিল অল্প কিছু টাকা সহ এটিএম কার্ড। সেই এটিএম কার্ড থেকে টাকা তুলতে গিয়ে পুলিশের জ্বালে ধরা পড়ে ওই দুষ্কৃতী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গফফার মৃধা।
পুলিশ সূত্রের খবর, বাগদা থানার খদ্দকুলবেরিয়ার বাসিন্দা কল্পনা রায় নামে এক যুবতী বুধবার রাতে হেলেঞ্চা থেকে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। সাইকেলের ঝুড়ির মধ্যে তার ব্যাগটি রাখা ছিল। পিছন থেকে এক যুবক বাইকে করে দীর্ঘক্ষণ তাকে লক্ষ্য করতে থাকে। হঠাৎ করে সাইকেলের ঝুড়ির মধ্যে থেকে ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। যুবতী দ্রুত বাগদা থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ
দায়ের করেন। পুলিশ তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু করতেই ব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড থেকে টাকা তোলা শুরু করে ছিনতাইকারী। পরপর ২৮ হাজার টাকা তুলেও নেয় ওই দুষ্কৃতী। সেই সূত্র ধরে হেলেঞ্চার একটি এটিএম থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। উদ্ধার করে কল্পনা রায়ের খোয়া যাওয়া ২৮ হাজার টাকা।
পুলিশকে এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন কল্পনা দেবী। তার বক্তব্য, দ্রুততার সঙ্গে পুলিশ তল্লাশি চালানোর ফলে ব্যাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের কাছে অনুরোধ জানাবো এই কাজের সঙ্গে যদি আরও কেউ যুক্ত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

