জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত! রসাখোয়া থেকে সোলপাড়া পর্যন্ত বেহাল রাস্তা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৪ সেপ্টেম্বর: রসাখোয়া থেকে সোলপাড়া পর্যন্ত বেহাল রাস্তা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন যাবদ রাস্তা বেহাল হয়ে থাকলেও রাস্তা মেরামতির কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন।

রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে একমাত্র রাস্তা ৩৪ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তার উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় যানজট নিত্যদিনের ঘটনা। এই যানজট এড়াতে বামফ্রন্ট সরকারের আমলে শিলিগুড়ি যাবার বিকল্প রাস্তা তৈরী হয়েছিল। করনদিঘি থানার বোতলবাড়ি দিয়ে বেঙ্গল টু বেঙ্গল রোড তৈরী হয়েছিল। এই বেঙ্গল টু বেঙ্গল রাস্তার রসাখোয়া থেকে সোলপাড়া যাবার রাস্তা দীর্ঘদিন যাবদ বেহাল হয়ে পড়ে আছে। প্রতি রবিবার রসাখোয়ায় বিশাল হাট বসে। রাস্তায় বিশাল বিশাল গর্ত তৈরী হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছেন। বিপদের আশঙ্কায় বহু মানুষ এই পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। হাটে জিনিসপত্র নিয়ে পন্যবোঝাই লরি যাতায়াত করছে।

রসাখোয়া থেকে সোলপাড়ার দূরত্ব ১২ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগত মাত্র ৩০ মিনিট। রাস্তা বেহাল হয়ে পড়ায় সেই যেতে সময় লাগছে দেড় ঘন্টা। রাস্তাটি দেখভালের দায়িত্বে রয়েছে পূর্তদপ্তর। স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা পরিষদ প্রত্যেকেই এই রাস্তা মেরামতি জন্য পূর্তদপ্তরের কাছে আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘদিন যাবদ বেহাল রাস্তা মেরামতি না হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুর জেলাপরিষিদের সভাধিপতি কবিতা বর্মন জানিয়েছেন, রসাখোয়া থেকে সোলপাড়া পর্যন্ত বেহাল রাস্তা তাদের নজরে আছে। পূর্তদপ্তরকে এই রাস্তা মেরামতির জন্য বলা হয়েছিল কিন্ত কাজ হয়নি। অবিলম্বে সেই রাস্তা মেরামতির জন্য তিনি উদ্যোগ গ্রহন করবেন।

রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী জানিয়েছেন, লকডাউনের কারনে বেহাল রাস্তা মেরামতি করা সম্ভব হয়নি। এই রাস্তা মেরামতির জন্য পূর্তদপ্তরের মন্ত্রীর নজরে আনেন তিনি। ইতিমধ্যে রাস্তা মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পূর্তদপ্তর। খুব শীঘ্রই পূর্তদপ্তর রাস্তা সারাই এর কাজে হাত দেবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *