আমাদের ভারত, বর্ধমান, ২১ নভেম্বর: শনিবার মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের মেমারি থানা থেকে গ্রেপ্তার করা হয় এক যুবককে। তার নাম সঞ্জিত মুর্মু। বয়স ২৫ বছর। বাড়ি মেমারির আমাদপুর গ্রামে।
জানা গেছে, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওর কমেন্ট বক্সে একটি কুরুচিকর মন্তব্য করে ওই যুবক। তারপরেই মেমারি থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করেন আমাদপুরের অঞ্চল প্রেসিডেন্ট। তার পরিপ্রেক্ষিতে আমাদপুর থেকে মেমারি থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে এবং রবিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বর্ধমান আদালতে পাঠায়।

